নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
২৪ জানুয়ারি, ২০২৬
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৩ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত অপহৃত ছাত্রীর কোনো সন্ধান পায়নি পুলিশ।
অবশেষে গত বুধবার (২১ জানুয়ারি) রাতে অপহৃত ছাত্রীর মা জাহেদা বেগম বাদী হয়ে বখাটে ফাহিম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে বড়লেখা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের এক প্রবাসীর মেয়ে ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বিষয়টি ছাত্রীর পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাহিমের অভিভাবককে জানায়।
এরই প্রেক্ষিতে ফাহিমের পরিবার ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিতে রাজি হননি তার বাবা-মা।
অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে ‘কামরীপুল সিএনজি স্ট্যান্ড’ এলাকা থেকে ফাহিম আহমদ ও তার সহযোগীরা ছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও দীর্ঘ ১৫ দিনেও কিশোরীর কোনো হদিস না মেলায় পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান:
”জিডি হওয়ার পর থেকেই পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বুধবার রাতে ৬ জনকে আসামি করে নিয়মিত মামলা রুজু হয়েছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।”
ভুক্তভোগী পরিবার দ্রুত তাদের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে।