শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে পৃথক দুই মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মঙ্গলবার দুপুরে শমশেরনগর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ।
অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স এবং বিএসটিআই (BSTI) অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা ও বিভিন্ন অনিয়মের দায়ে ‘আলীবাবা রেস্টুরেন্ট’কে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বিএসটিআই লাইসেন্স ব্যতিরেকে আইস্ক্রিম তৈরি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং উৎপাদনস্থলে টয়লেটে ব্যবহৃত জিনিসপত্র পাওয়ার অপরাধে ‘সিমা আইস্ক্রিম ফ্যাক্টরি’কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনা শেষে জরিমানার সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।