কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর (হাজি মুজিব) তনয়, তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর আয়োজনে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে খুশালপুর এলাকার এই আয়োজনটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
ইফতারের আগে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন মুঈদ আশিক চিশতী। এ সময় তিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।