পরিবেশ রক্ষায় পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কমলগঞ্জের পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পতনউষার ইউনিয়নের মাইজগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সুচনা হয়। অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক এবং মাইজগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান।
এছাড়াও পতনউষার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুহিদ, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমদ, আব্দুল আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির দায়িত্বশীল, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ‘ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন’। দিনব্যাপী কর্মসূচির আওতায় আম, জাম, পেয়ারা, হরিতকী ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ চারা রোপণ করা হয়। চারাগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় টেকসই ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন,
“আমাদের সংগঠনের মূলমন্ত্র ‘সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়’। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সামাজিক ও পরিবেশগত বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত। ‘গাছ লাগাই, জীবন বাঁচাই—মানবতার দায়িত্ব পালন করি সবাই’—এই স্লোগানকে সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার ভিত্তি। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন সময়োপযোগী অংশগ্রহণ পরিবেশের সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে পতনউষার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও জনসাধারণের জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে। মহতী এই উদ্যোগে সহযোগিতার জন্য ‘ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন’-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক কমিটি।