
‘সত্য প্রকাশে দৃঢ় প্রত্যয়ী’—এই মূলমন্ত্রকে ধারণ করে মৌলভীবাজার থেকে নিয়মিত প্রকাশিত নতুন ধারার পত্রিকা ‘দৈনিক স্বাধীনতার চেতনা’-র প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে এ বর্ষপূর্তি পালন করা হয়। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির একটি বিশেষ স্মারক সংখ্যাও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। এ সময় নানা শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রেসক্লাব প্রাঙ্গণ।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের আসন গ্রহণের পর শুরু হয় প্রধান আলোচনা পর্ব। দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ২৪-এর জুলাই আন্দোলনের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন:
“আমরা চাই সকল মতপার্থক্য ও বিভেদ ভুলে ২৪-এর জুলাই-আগস্টের চেতনাকে লালন করে সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করব। সাংবাদিকদের প্রতি আহ্বান, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন এবং জনগণের বস্তুনিষ্ঠ সমস্যা তুলে ধরবেন। পাশাপাশি এই সময়ে যেকোনো ধরনের অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা জরুরি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন:
আলোচনা সভা শেষে অতিথিরা যৌথভাবে বর্ষপূর্তির কেক কাটেন এবং পত্রিকাটির সাফল্য ও নিরবচ্ছিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার দীর্ঘায়ু কামনা করেন।