মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে এনজিওর ঋণ নিয়ে গড়ে তোলা ১ হাজার ২০০টি ফলন্ত কমলা গাছ কেটে ফেলার চাঞ্চল্যকর ঘটনায় মাঠে নেমেছে উচ্চপর্যায়ের তদন্ত দল। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে সিলেট বিভাগীয় প্রশাসনের গঠিত এই কমিটি আজ বৃহস্পতিবার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটে সরেজমিনে তদন্ত চালাবে।
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং বিভাগীয় সহকারী বন সংরক্ষক (এসিএফ)।
যেভাবে ঘটনার সূত্রপাত:
স্থানীয় সূত্রে জানা যায়, রাজকান্দি বন রেঞ্জে অনিয়ম ও চাঁদাবাজির খবর গণমাধ্যমে আসার পর গত ১ জুলাই অভিযানে নামে বন বিভাগ। অভিযোগ রয়েছে, এই অভিযানের আড়ালে সালমা বেগম ও আলিম উল্লাহ দম্পতির দীর্ঘ আট বছরের পরিশ্রম ও ১৫-২০ লাখ টাকা ঋণে গড়ে তোলা দৃষ্টিনন্দন কমলা বাগানটি পুরোপুরি কেটে ফেলা হয়। ভুক্তভোগী দম্পতির দাবি, বন বিভাগের দাবি করা চাঁদা দিতে অপরাগতা জানানোতেই চরম প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাদের।
ঘটনাটি গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”