
মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই তামিম মিয়াকে (১৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত বড় ভাই হানিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে কুমিল্লা সদর কোতোয়ালী থানার সংরাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গত ১১ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে ফাটাবিল এলাকার একটি সরকারি ব্রিজের ওপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তামিম মিয়া ওই এলাকার শাহেদ আলীর ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন হানিফ মিয়ার ১০ বছর বয়সী ছেলে সাইদুলকে শাসন (থাপ্পড়) করেন ছোট ভাই তামিম। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হানিফ ঘটনাস্থলে এসে তামিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিতণ্ডার একপর্যায়ে হানিফ ধারালো চাকু দিয়ে তামিমের গলার নিচে আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় তামিমকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক হানিফ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি ব্রিজের নিচে ফেলে দিয়ে এলাকা থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বোন সাথী আক্তার বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় আসামিকে ধরতে তৎপরতা শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে এবং মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ একটি বিশেষ টিম অভিযানে নামে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পর অবশেষে কুমিল্লার সংরাইশ এলাকা থেকে হানিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকারী টিমে আরও অন্তর্ভুক্ত ছিলেন এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই উৎপল কুমার সাহা, এসআই জয়ন্ত সরকারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।