কমলগঞ্জে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন শমশেরনগর ইউনিয়ন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে “কমলগঞ্জ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬”। কমলগঞ্জ কোয়াবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দল অংশগ্রহণ করে। দীর্ঘ তিন মাসব্যাপী এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচেই ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।
ফাইনাল ম্যাচে পতনঊষার ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শমশেরনগর ইউনিয়ন। খেলায় দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন, তবে শেষ হাসি হাসে শমশেরনগর।

আয়োজকরা জানান, অল্প সময়ের মধ্যেই সবার সহযোগিতায় এমন বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা কমলগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ দুরুদ আহমেদ, জনাব আবুল হোসেন, জনাব সালাউদ্দিন, জনাব মামুনুর রশীদ, জনাব উলি আহমেদ, জনাব মোতাহের হোসেন, জনাব মাহমুদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা।
শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।