
মৌলভীবাজারের মেধাবী ছাত্র আসাস জাহিন জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রেখে জেলাবাসীর জন্য গৌরব বয়ে এনেছে। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড (BDBO) ২০২৬-এর আঞ্চলিক উৎসবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জুনিয়র ক্যাটাগরিতে সেকেন্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে সে।

১১ এপ্রিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আসাস জাহিন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে মৌলভীবাজারের বিশিষ্ট সাংবাদিক ও নিউজ স্পট মৌলভীবাজার-এর সম্পাদক আহমেদ নাজিমের মেজো ভাই জহির মাহমুদের সুযোগ্য পুত্র।
সিলেট অঞ্চলের শত শত মেধাবী শিক্ষার্থীদের পেছনে ফেলে আসাস তার এই অবস্থান নিশ্চিত করে। এই সাফল্যের মাধ্যমে সে আগামীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
ভাতিজার এই অনন্য সাফল্যে সাংবাদিক আহমেদ নাজিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আসাস ছোটবেলা থেকেই মেধাবী ও কৌতূহলী। তার এই অর্জন আমাদের পুরো পরিবারের জন্য এক বড় আনন্দের সংবাদ। সে যেন ভবিষ্যতে বিজ্ঞানের আঙিনায় আরও বড় সাফল্য বয়ে আনতে পারে, সেজন্য সবার দোয়া চাই।
সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে আসাস জাহিন এখন থেকেই জাতীয় পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক এবং সহপাঠীদের মাঝেও খুশির আমেজ বিরাজ করছে।