চা আন্দোলননেত্রী গীতা কানু গ্রেপ্তার
চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি আন্দোলনের জেরে দায়ের করা সংঘাত ও ভাঙচুরের মামলায় চা শ্রমিক নেত্রী গীতা কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে মৌলভীবাজার শহর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ, মারামারি ও ভাঙচুরের ঘটনায় নিপেন দাস নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় সংঘাত সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গীতা কানুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।
এদিকে গীতা কানুর গ্রেপ্তারের খবর চাউর হতেই চা বাগান অধ্যুষিত এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি পক্ষের দাবি, আন্দোলনের নামে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে চা বাগানগুলোতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সাধারণ চা শ্রমিকদের একটি বড় অংশ ও গীতা কানুর সমর্থকদের অভিযোগ, মজুরি বৃদ্ধির ন্যায়সংগত আন্দোলনকে ধামাচাপ দিতে এবং শ্রমিকদের দাবি দমন করতেই এই গ্রেপ্তারের নাটক সাজানো হয়েছে।
গ্রেপ্তারকে কেন্দ্র করে কয়েকটি চা বাগানে থমথমে অবস্থা ও চাপা উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।