নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে রামেশ্বরপুর সমাজকল্যাণ পরিষদ। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা রামেশ্বরপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
রামেশ্বরপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রামেশ্বরপুর জামে মসজিদের ইমাম আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা মহালমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
আয়োজক কমিটি জানায়, ধর্মীয় অনুশাসন ও নামাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন।
আলোচনায় বক্তারা বলেন, নিয়মিত জামাতে নামাজ আদায় ব্যক্তি ও সমাজজীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করতে এবং ইসলামের পথে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
আয়োজকরা জানান, দেশ ও প্রবাসে অবস্থানরত এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।