
ওমানে বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের বৃহত্তর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ (SCO)-এর প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘যুগ্ম আহ্বায়ক’ পদের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড শ্রীনাথপুর এলাকার কৃতি সন্তান গোলাম মৌলা রিপন।

গত ১৪ মে ওমানের মাস্কাটে সংগঠনের এক বিশেষ সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের পারস্পরিক সহযোগিতা, সামাজিক কল্যাণ ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ওমানে বেশ সক্রিয়।

নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট এই প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জনাব সোহরাব হোসেন বাবু এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব রেজওয়ান আহমদ সুজন।
কমলগঞ্জের সন্তান গোলাম মৌলা রিপন ওমানে প্রবাসীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে কমলগঞ্জ ও শ্রীনাথপুর এলাকায় আনন্দের হাওয়া বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় তরুণ, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গোলাম মৌলা রিপন জানান, প্রবাসের মাটিতে নিজ অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমূলক কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে ওমানে বসবাসরত সকল বাংলাদেশিদের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।