কমলগঞ্জে তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কমলগঞ্জের শমসেরনগর রেলস্টেশন এলাকা থেকে ওই তরুণীকে পাঁচজন ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে। এ সময় ভুক্তভোগীর শাশুড়ি বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে তরুণীকে শমসেরনগর ইউনিয়নের দৌলতপুর মোকামবাজার রেলক্রসিংয়ের কাছের একটি নির্জন স্থানে নিয়ে আটকে রাখা হয়। এজাহার অনুযায়ী, ৯ আগস্ট রাত থেকে ১০ আগস্ট রাত পর্যন্ত সেখানে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী মূলতঃ কুলাউড়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে শমসেরনগর এলাকায় বসবাস করছেন।
এ ঘটনায় ১২ আগস্ট ভোরে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন শমসেরনগর ইউনিয়নের মরাজানের পাড় এলাকার বদরুল ইসলাম (৪০) ও দৌলতপুর এলাকার আব্দুল কাদির শেখ (৫৮)। এ ছাড়া এতে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।