মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক নারীর কাছ থেকে লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার মূল পরিকল্পনাকারী ও আন্তঃজেলা ছিনতাই চক্রের অন্যতম হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. জাফর হোসেন।
যেভাবে ঘটেছিল ছিনতাই
পিবিআই জানায়, গত ২২ জুন সকালে কমলগঞ্জের শমসেরনগর এলাকার একটি ব্যাংক থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন রেহেনা বেগম (৫১) নামের এক নারী। পথিমধ্যে আলীনগর চা-বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালীমন্দির এলাকায় দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী তাঁর গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও চেক ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনায় পরদিন কমলগঞ্জ থানায় মামলা হলে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই।
সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ধরাশায়ী
পিবিআইয়ের বিশেষ তদন্ত দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপরই চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী ‘বটলা সেলিম’কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত লাল রঙের একটি মোটরসাইকেল, যা ভুক্তভোগী নারী শনাক্ত করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য:
পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের দায় স্বীকার করেছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।