
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলিনগর ইউনিয়নের গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন ৪-৫টি গ্রামের হাজারো মানুষ। কামদপুর, কালীপুর, শংকরপুর ও সোনাপুর গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাটি এখন যেন এক ‘দুর্ঘটনার ফাঁদে’ পরিণত হয়েছে।
ভারী যানবাহনে সড়ক বিপর্যস্ত:

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারহীন ও ভাঙাচোরা এই রাস্তা দিয়ে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজনের ইট ও বালুবাহী ড্রাম ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করছে। ফলে পিচ ও খোয়া উঠে রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
টিনের বেড়ায় রাস্তা দখল:
খোঁজ নিয়ে জানা যায়, সড়কটির প্রস্থ সরকারিভাবে ১২ থেকে ১৮ ফুট থাকার কথা থাকলেও, স্থানীয় কিছু প্রভাবশালী ও অসচেতন ব্যক্তি রাস্তার দুপাশের জায়গা দখল করে টিনের বেড়া দিয়ে রেখেছেন। এতে রাস্তাটি অত্যন্ত সরু ও ছোট হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
নিসচা’র ক্ষোভ ও উচ্ছেদের দাবি:

এ বিষয়ে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, জনস্বার্থে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সড়কটি দ্রুত মেরামত করা জরুরি। একই সাথে রাস্তার দুপাশের অবৈধ টিনের বেড়া উচ্ছেদ করে রাস্তাটি প্রশস্ত করার জন্য তারা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

চেয়ারম্যানের প্রতি এলাকাবাসীর জোরালো দাবি:
এদিকে রাস্তাটির এমন করুণ দশায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর প্রতি আকুল আবেদন জানিয়ে এলাকাবাসী বলেন—
“হাজার হাজার মানুষের দুর্ভোগ আর কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এই রাস্তাটি সংস্কার করা হোক। একই সাথে রাস্তার দুপাশের অবৈধ টিনের বেড়া উচ্ছেদ করে রাস্তাটি পূর্বের ন্যায় প্রশস্ত করার জন্য আমরা চেয়ারম্যান মহোদয়ের জোরালো ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
এলাকাবাসীর জোর প্রত্যাশা, জনবান্ধব ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু অতি দ্রুত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও অবৈধ দখলমুক্ত করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।