
কমলগঞ্জ দেশের অর্থনীতিতে গতি সঞ্চার ও প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘রেমিট্যান্স উৎসব’। বাংলাদেশ কৃষি ব্যাংক, কমলগঞ্জ শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী গ্রাহকদের সংবর্ধনা ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক যীশু কৃঞ্চ দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইন। রেমিট্যান্স কর্মকর্তা ফারহান ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
এছাড়াও আমন্ত্রিত গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন এবং পুরস্কার বিজয়ী গ্রাহক মো. ইসমাইল মিয়া।
আলোচনা সভায় বক্তারা জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো কেবল দেশপ্রেমের পরিচয় নয়, বরং এটি রাষ্ট্রীয় কাঠামোর মেরুদণ্ড শক্তিশালী করার অন্যতম হাতিয়ার। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত ও নিরাপদে স্বজনদের কাছে পৌঁছে দিতে কৃষি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বক্তারা হুন্ডির মতো অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথ পরিহার করে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
”কৃষি ব্যাংক প্রবাসীদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। এ ধরনের উৎসব প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।”
— শরীফ মো. তাহাওয়ার হোসাইন, মহাব্যবস্থাপক, সিলেট বিভাগ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রেমিট্যান্স ড্র-তে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণকালে বিজয়ী গ্রাহক মো. ইসমাইল মিয়া ব্যাংকের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো নিরাপদ এবং এ ধরনের সম্মাননা আমাদের উৎসাহিত করে। এই আয়োজনের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
উক্ত অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবার ব্যাংকিং সেবার প্রতি আরও আস্থাশীল হবে।