শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত, ভাই গুরুতর আহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা নিহত এবং বড় ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার পিতা আকল মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।