আলীনগরে দোয়া মাহফিলের মাধ্যমে পুনরায় দায়িত্ব নিলেন চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন নিয়াজ মোর্শেদ রাজু। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনা ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনতে লাওয়াতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যানের সুস্থতা, দীর্ঘায়ু এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বুলবুল আহমেদ মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আলীনগর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক হাজী মো. আলিক মিয়া

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* কমলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ছমরু মিয়া।
* উপজেলা বিএনপির সদস্য মো. ইলিয়াছ মিয়া।
* আলীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইকবাল হোসেন।
* ইউনিয়ন বিএনপির সদস্য মো. হারুন মিয়া।
* মৌলভীবাজার জেলা সাইবার ইউজার দলের সহ-সভাপতি মো. তোফায়েল করিম চৌধুরী রুমেল।
* কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আশা প্রকাশ করেন যে, চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর যোগ্য নেতৃত্বে আলীনগর ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান ও জনকল্যাণমুখী হবে। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ছলিম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম।

পুনরায় দায়িত্ব গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন,

আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও সেবার মান বাড়াতে সবাইকে সঙ্গে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের দোয়া ও সহযোগিতা আমার পথচলার শক্তি।

অনুষ্ঠান শেষে তিনি সরাসরি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে সাধারণ মানুষের সেবা কার্যক্রম শুরু করেন। এসময় স্থানীয় বাসিন্দারা তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। স্থানীয়দের মতে, দীর্ঘ বিরতির পর জনপ্রিয় এই চেয়ারম্যানের প্রত্যাবর্তনে ইউনিয়নের থমকে যাওয়া উন্নয়ন কর্মকাণ্ডে নতুন প্রাণের সঞ্চার হবে।
