মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর শাহিন আহমদ (৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার রায়পুর সংলগ্ন গয়ঘর মসজিদের পাশের একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন আহমদ সদর উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন আহমদ গতকাল থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ (বৃহস্পতিবার) ভোরে স্থানীয় লোকজন গয়ঘর মসজিদের নিকটবর্তী খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি শাহিন আহমদের বলে শনাক্ত করেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের লক্ষ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা সূত্র আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।