
রিয়াদ: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি আরবের রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা কার্যক্রম শেষে কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রমজান মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে। সেই হিসেবে শুক্রবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও আগামী শুক্রবার ঈদ পালিত হবে। চাঁদ দেখা না যাওয়ায় ওই অঞ্চলের বাসিন্দারা এ বছর পূর্ণ ৩০টি রোজা পালন করার সুযোগ পাচ্ছেন।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে আগামী শনিবার (২১ মার্চ) বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে প্রতি বছরের মতো এবারও জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সভার পর বাংলাদেশের ঈদের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।