মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে প্রাইভেটকারে তুলে জোরপূর্বক অপহরণ চেষ্টার খবর পাওয়া গেছে। গত রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্তকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি প্রতিষ্ঠানে কর্মরত। গত রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে পৌঁছালে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা ব্যক্তিরা ফিল্মি কায়দায় তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এই অপহরণ চেষ্টার ঘটনায় জড়িত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম জাহাঙ্গীর, সে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামের লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও একটি সিএনজি অটোরিকশা চুরির সময় তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছিল জনতা।
ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন:
”ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি চৌকস টিম গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রাথমিকভাবে জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে। তাকেসহ চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”