মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকায় এক কর্মজীবী নারীকে চলন্ত প্রাইভেট কারে তুলে অপহরণচেষ্টার ঘটনায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। সোমবার (৯ মার্চ) ইফতার পরবর্তী সময়ে তিনি ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশির বাড়িতে যান এবং পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেন।
ঘটনাটি জানার পরপরই সোমবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে উপস্থিত হন এমপি হাজি মুজিব। তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাজারের সিসিটিভি ফুটেজ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য জনসম্মুখেই মৌলভীবাজার জেলার পুলিশ সুপারকে (এসপি) ফোন করেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন। এছাড়া স্থানীয় নেতাকর্মীদের এ ধরনের অপরাধ রোধে সতর্ক নজর রাখার নির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে এমপি হাজি মুজিব বলেন:
”সে আমার এলাকার মেয়ে, আমার বোনের মতো। আমি ইতোমধ্যে এসপি সাহেবকে বলেছি—যত দ্রুত সম্ভব অপরাধীদের খুঁজে বের করতে হবে। আমরা এ ধরনের ন্যাক্কারজনক অপরাধের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল।”
তিনি আরও যোগ করেন যে, ভুক্তভোগী পরিবারটির ভয়ের কোনো কারণ নেই এবং এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করবেন।
উল্লেখ্য, গত রবিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বটতলা বাজার এলাকায় অপেক্ষা করছিলেন ফাতেমা পারভেজ নিশি। এ সময় একটি সাদা প্রাইভেট কারে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা চালায়। নিশি সাহসিকতার সাথে চিৎকার শুরু করলে এবং বাধা দিলে অপহরণকারীরা তাকে ফেলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তীতে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পরিদর্শনকালে এমপির সাথে উপস্থিত ছিলেন— কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমেদ জয়, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মইনউদ্দিনসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।