নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার ৫ ফেব্রুয়ারি, ২০২৬
মৌলভীবাজারে জিলাপিতে বিষাক্ত ও নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ‘হাইড্রোজ’ ব্যবহার করার দায়ে ‘বেঙ্গল সুইট ফুড’ নামে একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন এই রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, ল্যাবরেটরি পরীক্ষায় ওই প্রতিষ্ঠানের জিলাপিতে সোডিয়াম হাইড্রো সালফাইড (হাইড্রোজ) শনাক্ত হয়। গত বছরের ২৮ আগস্ট নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি আদালত এই রায় প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য অফিসার জানান, হাইড্রোজ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি খাবারে মেশানো দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।