নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
২৫ ফেব্রুয়ারি, ২০২৬
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে তারেক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে উপজেলার ঘড়গাও এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তারেক ঘড়গাও এলাকার বাসিন্দা। অভিযুক্ত আতিক একই গ্রামের বাসিন্দা এবং নিহত তারেকের সমবয়সী বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঘড়গাও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিলেন। খেলার সময় ‘জোরে বল করা’ নিয়ে তারেকের সঙ্গে আতিকের কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সামান্য তর্কবিতর্ক একপর্যায়ে চরম উত্তেজনায় রূপ নেয়। এসময় আতিক ক্ষিপ্ত হয়ে তারেকের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তারেককে দ্রুত উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্থানান্তর করেন। তবে সদর হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্র জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটকে অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।