
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ
২১ ফেব্রুয়ারি, ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।
একাডেমির উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।

আলোচনা সভায় বক্তারা বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতাপ চন্দ্র সিংহ বলেন, “রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই মাতৃভাষা বিশ্বের দরবারে এক অনন্য অর্জন। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস যথাযথভাবে পৌঁছে দিতে হবে।”

অন্যান্য বক্তারা নিজস্ব ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ এবং বিশ্ব কবি মঞ্চের আহ্বায়ক পুলক কান্তি ধর। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা ও নাট্যকার শুভাশিস সিংহ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিনটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
