কমলগঞ্জে ইনসাফ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোঃ নাজিম আহমেদ
৫ জানুয়ারি, ২০২৬
কমলগঞ্জ (মৌলভীবাজার): পৌষের হাড়কাঁপানো তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনসাফ সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জ’। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১০০ জন হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
বিকেল ৪ ঘটিকার সময় বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনসাফ সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানবতার কল্যাণে এই হাড়কাঁপানো শীতে সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে এগিয়ে আসা উচিত।” ইনসাফ সমাজকল্যাণ পরিষদের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম বলেন, “একজন সমাজকর্মী ও সংবাদকর্মী হিসেবে দীর্ঘ বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ছিন্নমূল মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই কাজে সবসময় অনেকের সহযোগিতা পেয়েছি। আজকের এই শীতবস্ত্র বিতরণে যারা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।