নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন পেশায় কৃষক। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৭ ডিসেম্বর) মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) এবং ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জানা গেছে, জামাল উদ্দিন ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন।
এই হামলায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ একদল দুর্বৃত্ত নিহতদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বা কারা এর পেছনে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শনিবার রাত সাড়ে আটটায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ঘাতকদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।