
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে রামেশ্বরপুর জামে মসজিদ কর্তৃপক্ষ। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার ঈদের ছুটিতে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সুযোগ পাচ্ছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে এবং মসজিদ কমিটির যুগান্তকারী সিদ্ধান্তে এই ইতিহাস রচিত হলো।
আজ জুম্মার নামাজের পর রামেশ্বরপুর এলাকাবাসীর এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাই শাহীদ এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদ-এর বিশেষ উদ্যোগে এবং আধুনিক চিন্তাধারায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
ছুটির বিস্তারিত:
মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান-এর বাড়ি দিনাজপুর হওয়ায় তাকে যাতায়াতসহ মোট ১২ দিনের দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে। অন্যদিকে, মুয়াজ্জিন মোঃ হাফেজ আব্দুল্লাহ আল মামুন-কে দেওয়া হয়েছে ৬ দিনের ছুটি।
বিকল্প ব্যবস্থা:
ইমাম ও মুয়াজ্জিন সাহেবের অনুপস্থিতিতে মুসল্লিদের নামাজে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে ইতোমধ্যেই একজন বিকল্প ইমামের ব্যবস্থা করা হয়েছে। তিনি ছুটির এই সময়টিতে নিয়মিত নামাজ পড়াবেন
এলাকাবাসীর প্রতিক্রিয়া:
মসজিদ কমিটির এমন মানবিক সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তারা জানান, “ইমাম ও মুয়াজ্জিন সাহেবরা সারা বছর আমাদের সেবা দেন। কিন্তু ঈদের মতো খুশির দিনে তারা পরিবারের কাছে যেতে পারেন না। কমিটির এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত খুশি। এতে তাদের কাজের প্রতি আগ্রহ ও ভালোবাসা আরও বাড়বে।”
মসজিদের সভাপতি আব্দুল হাই শাহীদ বলেন, “ধর্মীয় সেবকদেরও সামাজিক ও পারিবারিক জীবন আছে। তারা হাসিমুখে বাড়িতে ঈদ করলে আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হবে। আমরা চাই এই সংস্কৃতি দেশের প্রতিটি মসজিদে ছড়িয়ে পড়ুক।”