সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার: মৌলভীবাজারে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ
দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক সালাউদ্দিন শুভর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তাঁর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে এই জঘন্য অপচেষ্টা চালায়।
সাংবাদিকতা পেশায় নিয়োজিত সহকর্মীরা এই ঘটনাকে ‘ডিজিটাল সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশ হলেই একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে আঘাত লাগলে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে প্রযুক্তির অপব্যবহার শুরু করে। “সংবাদ পক্ষে গেলে ভালো, আর বিপক্ষে গেলেই চরিত্রহনন”—এই অপসংস্কৃতি থেকে সমাজ ও সংশ্লিষ্টদের বেরিয়ে আসার আহ্বান জানান তারা। একইসঙ্গে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদের মোকাবিলা করার চর্চা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
এ বিষয়ে এক প্রতিবাদী বার্তায় স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা জানান, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি হলেও কিছু নীতিহীন ও কাপুরুষ প্রকৃতির মানুষ একে অন্যের সামাজিকভাবে হেয় করার নোংরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পেশাদার ও সততার সাথে দায়িত্ব পালন করা একজন জেলা প্রতিনিধির বিরুদ্ধে এমন ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক মহল সামাজিক মাধ্যমে পরিচালিত এই ডিজিটাল অপরাধের নিরপেক্ষ তদন্ত, অপপ্রচারের নেপথ্যে থাকা কুশীলবদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।