মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতর নামাজরত অবস্থায় হাফিজ উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত মো. জসিম উদ্দিনকে (৩২) আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজ পড়ছিলেন হাফিজ উল্লাহ। নামাজের এক পর্যায়ে একই গ্রামের শওকত আলীর ছেলে জসিম উদ্দিন আকস্মিক হামলা চালিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হাফিজ উল্লাহর মৃত্যু হয়। নিহত হাফিজ উল্লাহ ওই গ্রামের মৃত মসফ উল্লার ছেলে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হলেও প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, ব্যক্তিগত লেনদেনের বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে।
শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান:
”নিহতের একটি দোকান ছিল। সেখান থেকে অভিযুক্ত জসিম প্রায়ই বাকিতে মালামাল নিতেন। বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি।”
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে বর্তমানে পুলিশি হেফাজতে নিয়েছে। গতকাল শনিবারও বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।”
এই ঘটনায় এলাকায় শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।