কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ফটিকগুলি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনু জানান, বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হলে স্থানীয় ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। বৃষ্টি শেষে দুপুর দেড়টার দিকে কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামের বাসিন্দা শিপার আহমদের ছেলে ও মাদরাসা ছাত্র জিসান আহমদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমদ (৯) এবং শাহেব আলীর ছেলে ও স্কুল ছাত্র লাবিব আহমদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে।
খেলার একপর্যায়ে তারা সদ্য মাটি কেটে নিচু করা একটি গর্তে পড়ে যায় এবং গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় এক পথচারী বিষয়টি দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে শিশুদের উদ্ধার করেন। দ্রুত তাদের স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হবে।
”এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের তিনটি শিশুর এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।