মৌলভীবাজারের কমলগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রাজু গড় (২৩) নামে এক চা শ্রমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান এবং তাকে উদ্ধার করেন।
গত শনিবার (ঈদের দিন) শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে। এরপরই ভিকটিমের বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাত্রখোলা চা বাগান এলাকা থেকে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে।
তবে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা সৎনারায়ণ গড়। তিনি দাবি করেন, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি বলেন:
”শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। পূর্ব বিরোধের জের ধরে আমার ছেলেকে ফাঁসাতে এই মিথ্যে গল্প সাজানো হয়েছে।”
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ধর্ষণের খবর পাওয়ার পর থেকেই পুলিশ তৎপর ছিল। অভিযুক্তের বাড়ি ঘিরে রেখে তাকে গ্রেপ্তার নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, গত সোমবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।