
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের দক্ষিণ চৌমুহনী এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াসিদ। নির্বাচনী প্রার্থিতা ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় নিজ অর্থায়নে বেহাল সড়কটি সংস্কার করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের দক্ষিণ চৌমুহনী (ত্রিমুখী) এলাকার প্রায় ২০০ মিটার সড়ক দীর্ঘ দিন ধরে কাদা, বড় বড় গর্ত ও জলাবদ্ধতায় নিমজ্জিত ছিল। প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ৫,০০০ থেকে ১০,০০০ মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম হিমশিম খেতে হতো। গত কয়েকদিনের বৃষ্টিতে গর্তে পানি জমে থাকায় ছোট-বড় বেশ কিছু দুর্ঘটনাও ঘটে।
গত মঙ্গলবার মোহাম্মদ ওয়াসিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৭নং আদমপুর ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। ঘোষণার পরপরই আজ (বুধবার) তিনি ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। ব্যক্তিগত অর্থায়নে ইট, বালু ও কংক্রিট (রাবিশ) ফেলে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলেন তিনি।
সড়ক সংস্কারের পর স্থানীয় পথচারী খোকন বলেন:
”এই সড়ক দিয়ে চলাচল করা খুব ঝুঁকিপূর্ণ ছিল। ওয়াসিদ ভাইয়ের সহযোগিতায় এবং এলাকার লোকজন মিলে রাস্তাটি সংস্কার করায় এখন আমরা স্বস্তিতে যাতায়াত করতে পারছি।”
গাড়িচালক শাহিন জানান, সড়কে গর্তের কারণে প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকতো। এখন সেই ঝুঁকি অনেক কমেছে, বিশেষ করে কোমলমতি শিশুরা নিরাপদে স্কুলে যেতে পারবে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াসিদ বলেন, “আমি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এ ধরনের ছোট ছোট উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আমি অসহায় ও সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
প্রার্থিতা ঘোষণার পরপরই সরাসরি জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ায় স্থানীয় ভোটারদের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, প্রতিশ্রুতির বদলে কাজের মাধ্যমে শুরু করা এই মানসিকতা আগামীর সুন্দর আদমপুর গড়তে সহায়ক হবে।