
কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ উপজেলার চিৎলিয়া সুনছড়া এলাকায় আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় ব্যবসায়ী মিনহাজ মিয়ার দোকানে এই চুরির ঘটনা ঘটে। চোরচক্র দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী দোকান মালিক মিনহাজ মিয়া জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি গিয়েছিলেন। সকালে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা এবং ভেতরের মালামাল তছনছ করা। তিনি বলেন, "চোরচক্র দোকান থেকে নগদ অর্থ এবং বিভিন্ন দামি মালামাল মিলিয়ে আনুমানিক ১ থেকে ১.৫ লক্ষ টাকার ক্ষতি করেছে। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য এই ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব।"
এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
বিশিষ্ট সমাজসেবক মোঃ সিরাজ হোসেন রাজ অত্যন্ত ক্ষোভের সাথে জানান, এলাকায় চুরি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তিনি বলেন:
"প্রতি মাসে অন্তত দুই-তিনটি দোকানে চুরি হচ্ছে। গত কয়েক মাস আগে আমার নিজের দোকানেও চুরির ঘটনা ঘটেছিল, যা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি।"
তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন, "কমলগঞ্জ প্রশাসন রাতে সঠিকভাবে ডিউটি করছে কি না, তা নিয়ে আমরা সন্দিহান। আর কত দোকান চুরি হলে প্রশাসনের ঘুম ভাঙবে? গরিবের শেষ সম্বল এই মুদি দোকানগুলো আজ পুরোপুরি নিরাপত্তাহীন।"
এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুলিশি টহল জোরদার করতে হবে এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বারবার চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীরা এখন তাদের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।