কমলগঞ্জের মুন্সিবাজারে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।
জানা যায়, মুন্সিবাজারের মেসার্স রনি ক্লথ স্টোর নামক দোকানে এই চুরির ঘটনা ঘটে। এতে দোকানের নগদ টাকা ও বিভিন্ন কাপড়সহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দোকানটির প্রোপাইটর এবং কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়-এর প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু স্যার) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এদিকে, মুন্সিবাজার এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।