
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৩ সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোস্তাকিম ভুক্তভোগী নারীর প্রতিবেশী ভাতিজা বলে জানা গেছে। বর্তমানে ওই নারী দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় অভিযুক্তকে বিয়ের দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলীপাড়া গ্রামের মোঃ মুমিনের ছেলে মোস্তাকিম দীর্ঘদিন ধরে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। ভুক্তভোগীর স্বামী সৌদি আরবে অবস্থান করার সুযোগে মোস্তাকিম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, বাধা দিলে তাকে ও তার তিন সন্তানকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। শুধু শারীরিক নিগ্রহই নয়, বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ওই নারীর কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে অভিযুক্ত যুবক।
ভুক্তভোগীর মা গণমাধ্যমকে জানান,
"মোস্তাকিম আমার মেয়ে পাখির মুখে চাপ দিয়ে জোরপূর্বক এই জঘন্য কাজ করেছে। আমার মেয়ের গর্ভে এখন মোস্তাকিমের সন্তান, যার কারণে তার প্রবাসী স্বামী তাকে আর গ্রহণ করতে চাইছেন না। আমরা এই বখাটে ছেলের দৃষ্টান্তমূলক বিচার চাই এবং মোস্তাকিমকে আমার মেয়ের সামাজিক স্বীকৃতির জন্য বিয়ে করতে হবে।"
বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা ওই নারী দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, "সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। এখন আমি এই সন্তান নিয়ে সমাজে মুখ দেখাবো কীভাবে? আমার স্বামীও আমাকে ফিরিয়ে দিয়েছেন। এখন মোস্তাকিম যদি আমাকে বিয়ে না করে, তবে আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই।"
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। তিনি বলেন:
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।