
সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অফিস: দুই জেনারেলকে পরিয়ে দিলেন র্যাঙ্ক ব্যাজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সশস্ত্র বাহিনী বিভাগে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত নিজ কার্যালয়ে পৌঁছান তিনি। এটিই উক্ত বিভাগে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম কার্যদিবস।
সকালে কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী এরপর সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেন। দাপ্তরিক এই সফরের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল পদোন্নতিপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ কর্মকর্তার র্যাঙ্ক ব্যাজ প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নিজ হাতে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে নতুন পদের ব্যাজ পরিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।